ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার মামলায় মর্তুজা রায়হানের জামিন স্থগিত


FE Team | Published: August 12, 2021 20:43:10 | Updated: August 13, 2021 15:57:35


ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার মামলায় মর্তুজা রায়হানের জামিন স্থগিত

ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মর্তুজা রায়হান চৌধুরীকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রাষ্ট্রপক্ষের অবেদনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেয়।

আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এ আইন কর্মকর্তা বলেন, ছয় সপ্তাহের জন্য জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আবেদনটি নিয়মিত আপিল বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে। সেখানেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।

ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ইউল্যাবের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হলে তার বাবা মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

সেখানে ওই তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়, আসামি করা হয় তারই চার বন্ধুকে।

মর্তুজা ছাড়া বাকি তিন আসামি হলেন নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা ও আরাফাত।

তাদের মধ্যে আরাফাত ওই তরুণীর মৃত্যুর আগের দিনই ঢাকার অন্য একটি হাসপাতালে মারা যান। বাকিরা গ্রেপ্তার হন।

মামলার এজাহারে বলা হয়, ইউল্যাবের শিক্ষার্থী ওই তরুণী গত ২৮ জানুয়ারি তার চার বন্ধুর সঙ্গে উত্তরার একটি রেস্তোরাঁয় যান এবং সেখানে তারা মদ পান করেন।

নেহা ও তার সঙ্গে থাকা ছেলে বন্ধু প্রথমে চলে যান। পরে ওই তরুণী, রায়হান ও আরাফাত একসঙ্গে বের হন। আরাফাত গুলশানে নেমে গিয়ে সেখান থেকে মাওয়ায় গিয়ে আরেকটি পার্টিতে যোগ দেন।

ওই তরুণীকে নিয়ে রাতে মোহাম্মদপুরে তাদের আরেক বন্ধু নুহাতের বাসায় ওঠেন রায়হান। নুহাত তাদের আড্ডায় ছিলেন না।

সেখানে ওই তরুণী বেশ কয়েক বার বমি করে অসুস্থ হয়ে পড়েন। ওই বাসায় সেই তরুণীকে রায়হান ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

একদিন পর ওই তরুণীকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার প্রধান আসামি মুর্তজা ঢাকার হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকেও পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

হাই কোর্ট গত ১৯ জুলাই মর্তুজাকে জামিন দেয়। সে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানির পরই জামিন স্থগিত করে আদেশ দিল চেম্বার আদালত।

Share if you like