যুদ্ধের কারণে ইউক্রেইন থেকে পালিয়ে পাশের তিন দেশে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বেশিরভাগই দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইউক্রেইন থেকে ৪৭০ জন বাংলাদেশি পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভায় আশ্রয় নিয়েছে। এটা পাঁচশ হতে পারে আজ দিন শেষে।
“খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু আসার আগ্রহ প্রকাশ করেননি। খুব বেশি হলে ৫০-৬০ জনকে পেয়েছি।”
পোল্যান্ডে যে চার শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে ৪৫ জন দূতাবাসের ব্যবস্থাপনায় আছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “পোল্যান্ড তাদেরকে ১৫ দিন থাকতে দেবে। আগামী ২-৪ দিনের মধ্যে আনার সম্ভাবনা নাই। এত অল্প মানুষকে আনার জন্য বিমান পাঠানোর দরকার নাই।“
ইউক্রেইনে থাকা বাংলাদেশিদের মধ্যে সাতশ জনের মতো বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগে আছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
গত বৃহস্পতিবার ইউক্রেইনে রুশ অভিযান শুরুর পর সবাই পাশের দেশগুলোতে পালানোর ঢল নামে। এর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।
ইউক্রেইনে বাংলাদেশের দূতাবাস না থাকায় সরকার জানিয়েছে, পোল্যান্ডসহ অন্য দেশে পৌঁছানোর পর এই বাংলাদেশির রাখা ও ফেরানোর দায়িত্ব নেওয়া হবে।
যুদ্ধ চলার মধ্যে ইউক্রেইন থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় পথের পরিস্থিতি বিবেচনায় নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “যেখানে আছেন, সেখানে থেকে নিয়ারেস্ট দেশে সর্বোচ্চ কত ঘণ্টা লাগতে পারে, সেটা বিবেচনা করে প্রয়োজনীয় নিয়ে… কারণ আবহাওয়া অনুকূলে নয়, পরিবেশ অনুকূলে নয়, সিকিউরিটি-সেফটি অনুকূলে নাই।”
