ইউক্রেইনের মারিওপোল ও ভলনোবাখার বেসামরিক বাসিন্দাদের শহর দুটি ছেড়ে যাওয়ার সুযোগ দিতে একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার বাহিনীগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তারা মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে কয়েকটি মানবিক করিডোর খোলা রাখার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মানবিক করিডোর ও বের হওয়ার পথগুলোর বিষয়ে ইউক্রেইনীয় পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ৫ মার্চ, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ মারিওপোল এবং ভলনোবাখার বেসামরিকদের জন্য শহর ছাড়তে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে।”
বিবিসি জানিয়েছে, ইউক্রেইনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এমন কোনো খবর পায়নি তারা।
এর আগে মারিওপোলের মেয়র ভাদিম বইচেঙ্কো, অবরুদ্ধ শহরটির বেসামরিক বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন।
