ইউক্রেইনে যুদ্ধ ফিরিয়ে আনতে পারে চেরনোবিল দুঃস্বপ্ন


এফই অনলাইন ডেস্ক | Published: February 25, 2022 10:18:50 | Updated: February 25, 2022 10:39:41


ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেইনে হামলা করেছে রাশিয়া। এবার রুশ বাহিনী তাদের চেরনোবিল পরমাণু শক্তিকেন্দ্র দখল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক টুইটে জেলেনস্কি এই দাবি করেন বলে জানায় সিএনএন।

টুইটে জেলেনস্কি লেখেন, রাশিয়ার দখলদার বাহিনী চেরনোবিল (পরমাণু শক্তিকেন্দ্র) দখলের চেষ্টা। ১৯৮৬ সালের দুঃস্বপ্নের পুনরাবৃত্তি আটকাতে আমাদের প্রতিরোধ বাহিনী তাদের জীবন উৎসর্গ করছে।

এটা পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্টের এক উপদেষ্টার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চেরনোবিল পরমাণু শক্তি কেন্দ্র রুশ বাহিনী দখল করে নিয়েছে।

এর আগে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা এক টুইটে বলা হয়, ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ আরেকটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে।

১৯৮৬ সালে বিশ্ব চেরনোবিলে সবচেয়ে ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয় দেখেছে।

যদি রাশিয়া যুদ্ধ অব্যাহত রাখে, তবে ২০২২ সালে আবারও চেরনোবিলের মত বিপর্যয় ঘটবে।

ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে বৃহস্পতিবার ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া।

ইউক্রেইন জানায়, রাশিয়ার সামরিক যানগুলো উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রিমিয়া থেকে শুরু করে একাধিক দিক দিয়ে ঢুকেছে।

পূর্ব দিকের খারকিভ ও লুহানস্ক অঞ্চল দিয়েও রুশ সেনারা প্রবেশ করছে বলে জানিয়েছে তারা।

এরইমধ্যে উভয়পক্ষ মিলে প্রায় ১০০ প্রাণহানির খবর পাওয়া গেছে।

Share if you like