ইউক্রেইনে অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে: ক্রেমলিন


এফই ডেস্ক | Published: March 15, 2022 11:00:58


ইউক্রেইনে অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে: ক্রেমলিন

ইউক্রেইনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান মূল পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং সময়মতো ও সম্পূর্ণভাবে শেষ হবে বলে দাবি ক্রেমলিন মুখপাত্রের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ইউক্রেইনে বিশেষ সামরিক অভিযান চালানোর মতো পর্যাপ্ত ক্ষমতা রাশিয়ার আছে। অভিযানটি মূল পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং সময়মতো সম্পূর্ণভাবেই শেষ করা হবে।

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতাদের সাহায্যের অনুরোধে সাড়া দিয়ে পুতিন ২৪ ফেব্রুয়ারি এই বিশেষ অভিযানের নির্দেশ দেন বলে ভাষ্য রাশিয়ার।

বার্তা সংস্থা টিএএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেইনের ভূখণ্ড অধিকার করার কোনো পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন পুতিন। দেশটিকে নিরস্ত্রীকরণ ও নব্য নাৎসিদের থেকে মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

তবে পুতিনের এই বক্তব্যকে যুদ্ধের ভিত্তিহীন অজুহাত হিসেবে অভিহিত করেছে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির সরকার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী শহরগুলোতে আক্রমণ এড়িয়ে যাচ্ছে, তাদের মূল লক্ষ্য সামরিক অবকাঠামো। বেসামরিক নাগরিকরা তাদের হামলার লক্ষ্য নয় বলে দাবি করেছে তারা।

সোমবার রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে ভিডিও লিঙ্কের মাধ্যমে হওয়া চতুর্থ পর্বের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার তাদের মধ্যে ফের আলোচনা হওয়ার কথা রয়েছে।

Share if you like