ইংরেজি ভাষা নিয়ে কারও পৌষ মাস, কারও সর্বনাশ! যারা জানেন তাদের জন্য আনন্দের, আর যারা এখনও রপ্ত করতে পারেননি তাদের মনে বিন্দু বিন্দু করে জমতে শুরু করেছে পাহাড়সম ভয়।
ইংরেজি ভাষার চমৎকার সব খুটিনাটি আর আদ্যোপান্ত নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ইংরেজি ভাষা শিক্ষার নানান সমস্যা শীর্ষক শিক্ষা বিষয়ক ওয়েবিনার। খবর প্রেস বিজ্ঞপ্তি র।
সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর অধীন ইংরেজি বিভাগ সম্প্রতি অনলাইনে শিক্ষার্থীদের জন্য এই ওয়েবিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা জানান, ইংরেজি ভাষা সংক্রান্ত সব ধরণের ভীতি দূর করার জন্য সিলেক্টিভ সিলেবাসের বাইরে সময়োপযুগী প্রশ্নপত্র প্রণয়ন করা উচিত। পাশাপাশি পাঠদানে নিয়োজিত শিক্ষকদের ট্রেনিং এর কোনো বিকল্প নেই।
তারা আরও জানান, ইংরেজি ভাষা লিখতে ও বলতে পারায় দক্ষতা কেমনহচ্ছে তা যাচাই করার জন্য ফিডব্যাক খুব জরুরি। বর্তমানে করোনাকালীন অনেক শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছেন। এখানে যেসব সমস্যা তৈরিহচ্ছে সেগুলো দূর করে সবার অংশগ্রহণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেস্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন কাজী মোস্তাইন বিল্লাহ আধুনিক পৃথিবীতে এগিয়ে যেতে হলে ইংরেজি ভাষায়ও এগিয়ে থাকা চাই বলে মন্তব্য করেন। এই সময় তিনি ক্লাসরুম ব্যবাপনা, পাঠ-সহায়ক কার্যাবলী, শিক্ষাদান পদ্ধতিসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে সিআইইউর ইংরেজি বিভাগের হেড ও সহকারি অধ্যাপক রিফাত তাসনীম ইংরেজি ভাষায় শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব, প্রভাষক আশিকুর রহমান ভাষা শিক্ষায় ইতিবাচক ওয়াশব্যাকের প্রভাব, শাকিলা মোস্তাক শিক্ষার্থীদের লেখায় ফিডব্যাক ফিরিয়ে আনা এবং রিফাত আহমেদ করোনাকালীন অনলাইন শিক্ষণ নিয়ে আলোচনা করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে প্রশংসা কুড়ান ইংরেজি বিভাগের ছাত্রী রামিসা আনান।