Loading...

ই-বুক পড়ার দেশীয় কিছু অ্যাপ

| Updated: December 05, 2021 19:12:06


ই-বুক পড়ার দেশীয় কিছু অ্যাপ

সময়ের সাথে সাথে পালটে যাচ্ছে সব মাধ্যম। যদিও এ পরিবর্তনে আগের বিষয়টি পুরোপুরি নাকচ হয়ে যাচ্ছে না, বরং সমান্তরালভাবেই অবস্থান করছে দুটো বিকল্প। শ্রেণিকক্ষ থেকে অনলাইন ক্লাস, চিঠি লেখা থেকে ইমেইল, টাইপরাইটার থেকে কম্পিউটারের কিবোর্ড ইত্যাদি ইত্যাদি রূপান্তরে আমরা এখন বেশ অভ্যস্ত। নতুনকে আগের চেয়ে বেশি সহজে গ্রহণ করতে শিখছি। একসময়ের গাছের বাকলে লেখা থেকে মানবসভ্যতা পেল কাগজের উপহার। এখনো কাগজেই বেশি চেনাজানা হলেও নতুন মাধ্যমের পথে।

পালটে যাওয়ার সে হাওয়া বহুদিন হলো প্রবেশ করেছে আমাদের লেখাপড়ার মধ্যেও। আর তার জের ধরে বইয়ের জগতে আবির্ভাব ঘটেছে বিভিন্ন অ্যাপের। আজকের এ লেখায় আমরা তেমনই কিছু অ্যাপ সম্পর্কে সংক্ষেপে জানব।

সেইবই

২০১৫ সালে যাত্রা শুরু করা এই অ্যাপটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ধরনের ডিভাইসেই ব্যবহার করার সুযোগ রয়েছে। অ্যাপ ব্যবহার শুরুর পূর্বে ব্যবহারকারীর অনুমতিসাপেক্ষে রেজিস্ট্রেশনের অপশন থাকে। রেজিস্ট্রেশন ছাড়াও এটি ব্যবহার করা যাবে, সেক্ষেত্রেগেস্ট’ বা অতিথি প্রোফাইলের মাধ্যমে বই পড়া যাবে।

অ্যাপটিতে বই ডাউনলোড করে নেয়া যায়। এতে করে মোবাইলে ইন্টারনেট না থাকলে অফলাইনে পড়া যায়। বিনামূল্যে যেমন বই রয়েছে, তেমনি ক্রয়ক্ষমতার মধ্যে বেশ কিছু ই-বুক রাখা হয়েছে। এ মূল্যের মাঝে আবার বিভিন্ন সময় ছাড়ের ব্যবস্থাও থেকে থাকে। বিনামূল্যের বইগুলো সব একসাথে দেখবার অপশন আছে, এতে করে কোনো খরচ ছাড়াই অ্যাপটির মাধ্যমে বই পড়া যাবে। তাছাড়া পাঠক যাতে সহজে নিজের পছন্দের লেখক, প্রকাশক ইত্যাদির ভিত্তিতে বই পছন্দ করতে পারেন, সে সুবিধাও আছে।

বইটই

উপহার দিলে নিজের জন্য কিছুই থাকবে না- এমন ধারণায় বিশ্বাসী নয় এই অ্যাপ কর্তৃপক্ষ। তাই রয়েছে অ্যাপটি বন্ধুবান্ধব ও পরিচিতজনদের কাছে রেফার করার মাধ্যমে পয়েন্ট জিতে নেয়ার উপায়। এবং সেসব পয়েন্টের বিনিময়ে পাঠক জিতে নিতে পারবেন পছন্দের ই-বই। তার জন্য কোনো মূল্য না চোকানো বা পূর্বনির্ধারিত মূল্যের চেয়ে অনেক দামে বই পড়বার সুযোগ থাকছে এতে।

 

এই অ্যাপে থাকবে পাঠকের নিজের একটি ডিজিটাল শেলফ বা তাক, যেখানে তিনি গুছিয়ে রাখবেন তার সংগ্রহের বইগুলো। হালকা ধাঁচের এই বইয়ের তাক সাথে নিয়ে করা যাবে ইচ্ছেমতো ঘোরাফেরা।

বইঘর

চোখ যদিবা ক্লান্ত হয়েও পড়ে, কর্ণকুহর সক্রিয় থাকতে চাইতেই পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে বইপ্রেমীরা গ্রহণ করতে পারেন- নাবই পড়া’র নয়, ‘বই শোনা’র স্বাদ। বইঘর নামক অ্যাপটিতে বিভিন্ন ই-বুকের সাথে পাওয়া যাবে অডিওবুকও। বই ক্রয়ের সাথে সাথে বই আগে কিছুটা যাচাই-বাছাইয়ের সুযোগও মিলবে এই অ্যাপে। কোনো বই কেনার আগে দুয়েক পাতাপ্রিভিউ’ দেখে নিতে পারবেন এখানে। মনে হবে যেন বইয়ের দোকানে বই দেখেই কিনছেন। আগে থেকে ভেবেচিন্তে না এলে অ্যাপের বেস্টসেলার বইয়ের তালিকা সাহায্য করবে ঠিক বইটি খুজে নিতে। নিয়মিত আর আকর্ষণীয় সব অফারের পাশাপাশি এই অ্যাপে আছে পাঠকের নিজস্ব ব্যক্তিগত লাইব্রেরি।

তালিকার এই অ্যাপগুলো ছাড়াও রয়েছেপুঁথিকা’, ‘মুঠোবই’য়ের মতো অ্যাপ। পুঁথিকায় পেতে পারেন বিনামূল্যে বেশ কিছু বইয়ের সংগ্রহ। মুঠোবই হচ্ছে রকমারি ডট কমের একটি অ্যাপ। এখানে রকমারির সংগ্রহে থাকা বইগুলো বিভিন্ন মূল্যের বিনিময়ে পাওয়া যাবে।

এসব অ্যাপ নিয়ে একজন বইপ্রেমী হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাব-এডিটর জান্নাতুল নাঈম পিয়াল নিজের অভিমত জানান,

করোনার সময় যখন বইয়ের দোকানে বা লাইব্রেরিতে যাওয়া যাচ্ছিল না, অনলাইনেও বই কেনা যাচ্ছিল না, তখন বইয়ের অ্যাপগুলোই হয়ে ওঠে ভরসার জায়গা। অবৈধ পিডিএফ পড়তে চাই না বলে এসব অ্যাপে বই পড়তে গিয়ে আবিষ্কার করি, এসব অ্যাপের কালেকশন নেহাত মন্দ না। ঢাকায় যারা থাকে তারা তো বিভিন্ন জায়গা থেকেই বই সংগ্রহ করতে পারে। কিন্তু মফস্বলে যেখানে বই পাওয়া যায় খুবই কম, তাদের জন্য এসব অ্যাপ একটা আশীর্বাদ।”

বইমেলা থেকে এখনো ব্যাগবোঝাই বই কিনে ঘরে ফেরেন পড়ুয়া ও সংগ্রাহকেরা, বিশেষ দিনে বই উপহারে প্রথম পৃষ্ঠায় লিখে দেয়া হয় কোনো শুভেচ্ছাবাণী, ব্যক্তিগত পাঠাগারে কাগুজে বইয়ের সংখ্যা বৃদ্ধি করে আত্মতৃপ্তিতে ভোগেন বইপ্রেমীরা। এদের সংখ্যা যেমন কম নয়, তেমনি বইয়ের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে বেছে নেওয়ার বিষয়টিও চোখ এড়ায় না। কাঁধ ভারি কিংবা পকেট হালকা না করে নিজের বইপ্রেমকে জাগিয়ে রাখছেন অনেকেই। সময় ও সুযোগ সাপেক্ষে তারা বেছে নিচ্ছেন মানানসই মাধ্যমটি- ছাপার হরফ কিংবা ফোনের পর্দা।

অনিন্দিতা চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। anindetamonti3@gmail.com

Share if you like

Filter By Topic