Loading...

আয়কর বিবরণি জমার সময় বাড়ছে না, জানিয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য

| Updated: November 28, 2021 17:22:56


ঢাকার সেগুনবাগিচায় একটি কর কার্যালয়ে আয়কর বিবরণি জমা দিতে ঢুকছেন করদাতারা। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকার সেগুনবাগিচায় একটি কর কার্যালয়ে আয়কর বিবরণি জমা দিতে ঢুকছেন করদাতারা। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মহামারীর মধ্যে আয়কর বিবরণি জমা দিতে সময় বাড়ার আশা অনেকে করলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা।

সেক্ষেত্রে আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণি বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন শনিবার বলেন, “এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবে।”

আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণি দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান তিনি।

জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণি দাখিলের অনুরোধ জানান আলমগীর।

বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতিবছরই তাদের আয়কর বিবরণি জমা দেওয়ার নিয়ম রয়েছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণি দাখিলের শেষ দিন।

তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণি দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

মহামারীর মধ্যে গত বছরের মতো এবারও আয়কর মেলা হচ্ছে না।

তবে এনবিআর সারা দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস পালন করছে।

আয়কর বিবরণি দেওয়ার সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশ সৃষ্টি করে আয়কর বিবরণি জমা এবং এই সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। 

Share if you like

Filter By Topic