আগ্রাসনের পঞ্চম দিনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে বেলারুশে শান্তি আলোচনা শুরুর মধ্যেই দক্ষিণ-পূর্ব ইউক্রেইনের দুটি ছোট শহর এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকা দখল করেছে রাশিয়া। তবে অন্যান্য জায়গায় তারা প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানিয়েছে। সোমবার ভোরের দিকে ইউক্রেইনের রাজধানী কিয়েভ এবং খারকিভে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে বলে জানিয়েছে ইউক্রেইন কর্তৃপক্ষ।
তারা বলছে, প্রধান শহরগুলোর কেন্দ্রস্থল দখল করে নেওয়ার রাশিয়ার স্থল সেনাদের চেষ্টা প্রতিহত করা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বারডায়েনস্ক এবং এনারহদার শহর দখলে নিয়েছে।
পাশপাশি জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের এলাকাও সেনারা দখল করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে বিদ্যুৎ কেন্দ্রটির কাজ স্বাভাবিকভাবেই চলছে এবং এই বিদ্যুৎকেন্দ্র রুশদের হাতে পড়েছে- এমন কথা ইউক্রেইন অস্বীকার করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।
ইউক্রেইনের বন্দরনগরী মারিউপোলে রাতভর লড়াই হয়েছে বলে সোমবার জানিয়েছেন দোনেৎস্ক এর আঞ্চলিক প্রশাসনের প্রধান। তবে তিনি রাশিয়ার কোনও সাফল্য বা ব্যর্থতার কথা বলেননি কিংবা হতাহতের কোনও সংখ্যাও জানান নি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট সোমবার বলেছেন, বৃহস্পতিবার আগ্রাসনের শুরু থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১০২ জন বেসামরিক মানুষ মারা গেছে। আহত হয়েছে ৩০৪ জন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ঊর্ধ্বতন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেইনের বিভিন্ন নিশানায় রাশিয়া ৩৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর কয়েয়কটি বেসামরিক অবকাঠামোয় আঘাত হেনেছে।