Loading...
The Financial Express

আর্জেন্টিনার ৫, মেসির ৫!

| Updated: June 06, 2022 14:14:20


ফাইল ছবি ফাইল ছবি

আগের ম্যাচে ইতালির বিপক্ষে স্রেফ গোল পাননি, বাকি সবই করেছিলেন লিওনেল মেসি। এস্তোনিয়ার বিপক্ষে তাই যেন পুষিয়ে দিতে চাইলেন। সেই আগুনে পুড়ল ইউরোপের এস্তোনিয়া। মেসির জাদুকরী ফুটবলের রাতে দলটি ভেসে গেল গোল বন্যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্পেনের স্তাদিও এল সাদারে রোববার রাতে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সবকটি গোলই করেছেন মেসি।

শুরু থেকে প্রায় পুরোটা সময় নিজেদের অর্ধে, ডি বক্সের আশেপাশেই ছিলেন এস্তোনিয়ার বেশিরভাগ খেলোয়াড়। লাতিন আমেরিকার পরাশক্তিদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেনি তারা।

শক্তি-সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা এস্তোনিয়াকে শুরু থেকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রায় তিন বছর ধরে কোনো ম্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে, মেসির সফল স্পট কিকে। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতালির বিপক্ষে ‘ফিনালিস্সিমো’ জেতা ম্যাচ থেকে আট পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এত পরিবর্তনের পরও তাদের খেলায় প্রভাব খুব একটা পড়েনি।

প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। পঞ্চদশ মিনিটে মাক আলিস্তেরের শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।

খেলার ধারার বিপরীতে ২৭তম মিনিটে হুট করেই প্রতি-আক্রমণ থেকে সুযোগ পেয়ে যায় এস্তোনিয়া। তবে বিপদ দেখে এগিয়ে এসে চমৎকার স্লাইডে ব্যবধান ধরে রাখেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

৩৮তম মিনিটে একটুর জন্য দূরের পোস্টে মেসির বাঁকানো শট লক্ষ্যে থাকেনি। ৭ মিনিট পর ডি-বক্সে আলেহান্দ্রো গোমেসের কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে ব্যবধান বাড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন মেসি। নাউয়েল মোলিনার দারুণ নিচু ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক।

৭১তম মিনিটে আলগা বলে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মেসি। এই প্রথম জাতীয় দলের হয়ে তিনের বেশি গোল করলেন তিনি। ৫ মিনিট পর স্কোরলাইন ৫-০ হয়। তিন সতীর্থের শট ফিরে এলে বাকিটা সারেন অরক্ষিত পিএসজি তারকা।

দেশের হয়ে এটি তার ৮৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে পাঁচ গোল করেছিলেন মেসি। চেষ্টা করেছিলেন সেটি ছাড়িয়ে যেতে। তবে বাকি সময় কোনোমতে কাটিয়ে দিয়ে ব্যবধান আর বাড়তে দেয়নি এস্তোনিয়া।

এই নিয়ে রেকর্ড ৩৩ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল।

Share if you like

Filter By Topic