করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণের হার এখন ৩০ ভাগের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
”আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠাদান যে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে, সেই বন্ধ থাকার সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হবে।”
সবাই স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার মাধ্যমে সংক্রমণের হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “সংক্রমণ কমে আসার ফলে আমরা খুব শিগগিরই শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে শ্রেণীকক্ষে পাঠদানের দিকে নিয়ে যেতে পারব।”
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে জানুয়ারির শুরু থেকে দেশে আবার সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে।
ওই পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
