আরও ‘মজবুত’ হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি


এফই অনলাইন ডেস্ক | Published: March 31, 2022 09:44:20 | Updated: April 01, 2022 11:05:54


আরও ‘মজবুত’ হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি

আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী কাঠামো তৈরির লক্ষ্য নিয়ে আগের চেয়ে খরচ বাড়িয়ে তৃতীয় ধাপে ৬৫ হাজার ৪৭৪ পরিবারের জন্য করা হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগামী দুই মাসের মধ্যে ঈদুল ফিতরের পর থেকে এসব বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের এসব বাড়ির কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে বাজেট এবং নির্মাণ খরচও।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে বলে জনিয়েছেন প্রকল্প পরিচালক আবু ছালেহ মো. ফেরদৌস খান।

প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে, দেশে কোনো গৃহহীন থাকবে না। সে নির্দেশনা মোতাবেক আমরা ধাপে ধাপে কাজ করছি।

আরও ৬৫ হাজার ৪৭৪টি বাড়ির নির্মাণ কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমরা এবার বাজেট বাড়িয়ে দিয়ে এগুলো করছি। যাতে বাড়িগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ এসব ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়। সঙ্গে ছিল রান্নাঘর ও টয়লেট। বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগী পালন এবং শাক সবজি চাষেরও জায়গা ছিল।

তবে প্রথম দুই ধাপের বাড়িতে বেশ কিছু ত্রুটি পেয়েছে সরকার। বর্ষার শুরুতেই কয়েকটি স্থানে ঘর ভেঙে পড়ে, কোথাও দেয়াল ফেটে যায়, ধ্স বা মাটি দেবে যাওয়ার মত ঘটনাও ঘটেছে।

যেসব কারণে এ ধরনের ত্রুটি হয়েছে, সেগুলো চিহ্নিত করে সমস্যাগুলো সমাধান করেই তৃতীয় ধাপে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। অবকাঠামোর নির্মাণেও আনা হয়েছে পরিবর্তন।

এসব কারণে প্রতিটি বাড়ির নির্মাণ খরচও আগের চেয়ে ৬৯ হাজার টাকা বেড়েছে। তৃতীয় ধাপে বাড়ি প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৬৯ হাজার টাকা।

আগের বাড়িগুলোতে ছিল ইটের ভিত এবং কলাম। শুধুমাত্র জানালা এবং দরজায় লিনটেল ছিল। এবার আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেট বিম এবং কলাম দেওয়া হয়েছে। পুরো ঘরে লিনটেল দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে দিতে আশ্রয়ণের বিষয়টিকে আমরা বলছি- অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল।

তিনি বলেন, এটি পৃথিবীর সর্ববৃহৎ ও একমাত্র প্রকল্প, যাতে একসঙ্গে এত পরিবারের জীবনমান উন্নয়ন করা হয়েছে। ভিটে মাটির পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। সমাজের মূলস্রোতের সঙ্গে চলে আসছে, পিছিয়ে পড়া বড় এই জনগোষ্ঠী।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পে ১ লাখ ৮২ হাজার ৮০৩ পরিবার বাড়ি পাবে। এ জন্য ৩ হাজার ৯৭১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে চরাঞ্চলের জন্য করা হয়েছে ভূমিকম্প সহনীয় বিশেষ নকশা। চরে নির্মাণ হচ্ছে ১ হাজার ৪২টি বাড়ি।

Share if you like