মদ খেতে ঢাকা বোট ক্লাবে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘আমি মদ খেতে বা ছিনতাই করতে গিয়েছিলাম, এমনটা কি বিশ্বাসযোগ্য?’
সাংবাদিকদের কাছে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, আপনারা কি তাই মনে করেন?"
মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ধর্ষণচেষ্টার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ ‘ম্যাজিকের মত’ সহযোগিতা এবং আসামীদের গ্রেপ্তার করেছে বলে নিজের ‘সন্তুষ্টির’ কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা।
চিত্রনায়িকা পরীমনি বলেন, "পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে। পুলিশ, হারুন স্যার অনেকটা ম্যাজিকের সবকিছু করেছে। এতটা তাড়াতাড়ি পুলিশ আমাকে সহযোগিতা করবে, সেটা আমি ভাবতে পারি নাই।
“কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম গ্রেপ্তার করা হয়েছে। আমার বিশ্বাস, আমি অভিযোগের ব্যাপারে সঠিক বিচার পাব। পুলিশের উপর আমার আস্থা আছে।"
ঢাকা বোট ক্লাবে ব্যবসায় নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার পর প্রথম দিকে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার সুরে কথা বলেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে পরীমনি বলেন, "আমাকে ডিবি পুলিশ ডাকেনি আমি নিজে থেকেই এখানে এসেছি। আমাকে কাজে ফিরতে হবে, এটা কিন্তু আমি নিজে নিজে ফিরেছি। সবাই হয়ত আমাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু আমাকে তো কাজে ফিরতে হত।"
মঙ্গলবার বিকাল চারটার একটু আগে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পৌঁছান।
