Loading...

আমার সচিব খারাপ নয়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

| Updated: September 06, 2021 20:08:13


সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের পাশে সচিব গোলাম মো. হাসিবুল আলম। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের পাশে সচিব গোলাম মো. হাসিবুল আলম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তার পক্ষেই সাফাই গেয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সচিব গোলাম মো. হাসিবুল আলমের উপস্থিতিতে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, “আমার সচিব মহোদয় কাজ করেন নিরবচ্ছিন্নভাবে। আর আমি আরেকজন সচিব পেয়েছি, উনার কাজের একটা ধরন ছিল, উনার কাজের ধরন ভিন্ন।

”আমার সচিব খারাপ নয়, এটা কেউ বললে আমি মাইনব না।”

সম্প্রতি এক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের ‘আচরণে সেখানে চাকরি করতে চান না কোনো কর্মকর্তা’। এ কারণে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের তিনজন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম-সচিব ও পাঁচজন উপসচিবসহ মোট ১৪ কর্মকর্তা ’তদবির করে’ অন্য মন্ত্রণালয়ে বদলি হয়েছেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে ডাকা সংবাদ সম্মেলনে ওই সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক।

উত্তরে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, মন্ত্রণালয়ের বদলি হয়ে যাওয়া ওই কর্মকর্তারা ‘সচিবের কারণে’ যাননি।

“অনেক কর্মকর্তা আছেন, তারা নিজেরাই বদলি হয়ে গেছেন। তাদের হয়ত আগে ভালো লাগত, এখন ভালো নাও লাগতে পারে।”

প্রতিমন্ত্রী বলেন, “এ রকম কোনো ভেতরে কারণে থাকতেই পারে, কারও ভালো না লাগলে তারা চলে যেতে পারে। আমার মন্ত্রণালয়েতো লোক কম নাই। তারপরও লোক কম থাকে, আমরা চাইব লোক আনতে।”

সচিবের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “এর আগে আমি আমার মন্ত্রণালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাই নাই, আমি এবার পাইছি।”

মন্ত্রণালয়ের কার্যক্রম জানতে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করলেও সচিবকে কোনো মাধ্যমেই পাওয়া যায় না বলে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন এক সাংবাদিক।

তবে, এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি প্রতিমন্ত্রী জাকির হোসেনের। সচিব গোলাম মো. হাসিবুল আলমও কোনো কথা বলেননি।

 

Share if you like

Filter By Topic