Loading...
The Financial Express

আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হতে পারবে না: কেন্দ্রীয় ব্যাংক

| Updated: August 09, 2021 14:14:41


আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হতে পারবে না: কেন্দ্রীয় ব্যাংক

এখন থেকে কোনো ব্যাংক তিন মাস বা তার বেশি সময়ের মেয়াদী আমানতের ক্ষেত্রে গ্রাহককে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দিতে পারবে না।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদের ভারসাম্যহীনতা এড়াতে কেন্দ্রীয় ব্যাংক মেয়াদী আমানতের এই সীমা বেঁধে দিয়েছে। তবে ঋণের সর্বোচ্চ সুদ হার এখনকার মতই ৯ শতাংশ থাকবে।

এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক রোববার সব ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বর্তমানে বেশি মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ হার নির্ধারিত থাকলেও অন্যান্য মেয়াদী আমানতে তিন থেকে ৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংকগুলো। অথচ গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। আর ২০২০-২১ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ের মেয়াদী আমানত এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসরোত্তর পাওনাসহ বিভিন্ন পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিল হিসেবে রক্ষিত যে কোনো পরিমাণের মেয়াদী আমানতের ওপর সুদহার কোনোভাবেই মূল্যস্ফীতির হারের চেয়ে কম নির্ধারণ করা যাবে না।

তিন মাস বা তার বেশি মেয়াদী ব্যক্তি পর্যায়ের আমানতের ওপর সুদহার নির্ধারণের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।

যে মাসের সুদহার নির্ধারণ করা হবে তার তিন মাস আগের গড় মূল্যস্ফীতির হারকে (বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ১২ মাস ভিত্তিক গড়) বিবেচনায় নিতে হবে।

যেমন কোনো গ্রাহকের আগস্ট মাসের সুদ হার নির্ধারণের ক্ষেত্রে মে মাসের গড় মূল্যস্ফীতির হার বিবেচনায় নিতে হবে। সে সময় গড় মূল্যস্ফীতি ছিল সাড়ে ৫ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্কুলারে বলা হয়, ব্যাংকগুলো থেকে পাওয়া বিবরণী অনুযায়ী, অধিকাংশ ব্যাংক এখন মেয়াদী আমানতের উপর মূল্যস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ দিচ্ছে।

“ক্ষুদ্র আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের সুদ/মুনাফার উপর নির্ভরশীল। ব্যাংকে রক্ষিত মেয়াদী আমানতের উপর মূল্যস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ/মুনাফা প্রদান করায় আমানতকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তাছাড়া মেয়াদী আমানতের উপর সুদ কমে যাওয়ায় সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার বদলে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

তাছাড়া বিভিন্ন ধরনের গ্রাহকদের কাছ হতে সংগ্রহ করা আমানতই যে ব্যাংক-তহবিলের প্রধান উৎস, সে কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, “আমানতের উপর সুদ/মুনাফা হার অতিমাত্রায় হ্রাস পেলে ভবিষ্যতে ব্যাংকের আমানতের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে, ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।” 

Share if you like

Filter By Topic