Loading...

আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা

| Updated: August 10, 2021 12:03:06


এর আগে, গেল ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে শাহ জালাল নামে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল — ফোকাস বাংলা এর আগে, গেল ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে শাহ জালাল নামে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল — ফোকাস বাংলা

কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও পদ্মা সেতুতে একটি ফেরি ধাক্কা দিয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে আঘাত করে বলে বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেন তিনি।

আঘাতের পর ২৭টি যানবাহন ভর্তি রোরো ফেরিটির পেছনের অংশে হু হু করে পানি ঢুকে পড়ে। তখন দ্রুত সেটিকে শিমুলিয়ার ২ নম্বর ঘাটে নোঙর করা হয়। তলব করা হয় ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ এবং একই সঙ্গে তলা ফেটে যাওয়ার মেরামতের কাজ চলছে।

দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে র‌্যাকার আনার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

ফেরিটিতে প্রাইভেট কারসহ ১৬টি ছোট যান এবং ১১টি ট্রাক এবং বেশ কিছু যাত্রী ছিল।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ফেরির ধাক্কায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে। ‘এটি সেতুর তেমন ক্ষতি না হলেও বিষয়টি গ্রহণযোগ্য নয়’।

এর আগে গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল।

Share if you like

Filter By Topic