Loading...

আবার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

| Updated: December 11, 2021 18:07:55


আবার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী নিয়োগে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের (এমওইউ) প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মানবসম্পদমন্ত্রী এম সারাভানানকে উদ্ধৃত করে খবরে বলা হয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে তিনি এমওইউতে সই করবেন। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাংলাদেশি কর্মী প্রবেশ শুরু হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, রাবার বাগান, কৃষি, শিল্প, সেবা, খনি ও পাথর আহরণ, নির্মাণ ও গৃহস্থালি সেবাসহ বিভিন্ন খাত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে।

শুধু রাবার বাগানে বিদেশি কর্মী নিয়োগের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে সব খাত উন্মুক্ত করার প্রস্তাবও সরকার অনুমোদন দিয়েছে বলে সারাভানান জানান।

তবে মহামারীর মধ্যে কোয়ারেন্টিনসহ সকল স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে মালয়েশিয়ার মন্ত্রী সতর্ক করেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি থাকেন। তাদের কাছ থেকে গত অর্থ বছরে ১২৩ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

এই বছরের শুরুতে করোনাভাইরাস মহামারী শুরু হলে প্রবাসে থাকা অনেক শ্রমিকের মতো মালয়েশিয়া থেকেও ফিরে আসেন অনেক বাংলাদেশি।

এখনও তাদের ফেরার কোনো সুরাহা হয়নি। মালয়েশিয়া তার দেশের নাগরিক ছাড়া অন্য কাউকে বাংলাদেশ থেকে নিচ্ছে না।

স্থানীয় গণমাধ্যমগুলো সারাভানানকে উদ্ধৃত করে এর আগে বলেছে, স্থানীয়দের আগ্রহ না থাকায় নোংরা, বিপদজন ও কঠিন কাজগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এসব কাজের মধ্যে আছে রাবার বাগান, কৃষি, শিল্প, নির্মাণ ও সেবা খাত।

Share if you like

Filter By Topic