Loading...

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ‘আইএস এর গাড়িবোমা ধ্বংস’

| Updated: August 31, 2021 19:50:33


আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ‘আইএস এর গাড়িবোমা ধ্বংস’

আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেটের এক সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ যখন শেষ পর্যায়ে, সেই সময় ওই জঙ্গি বিমানবন্দরে গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে মার্কিন বাহিনীর ভাষ্য। 

রোববার সন্ধ্যার দিকে প্রথমে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যায়।

তাৎক্ষণিকভাবে কেউ কেউ ওই ঘটনাকে রকেট হামলা বলে জানান। পরে মার্কিন বাহিনী জানায়,ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস-খোরাসানের সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আইএস-কে সংশ্লিষ্ট অন্তত একজনকে বহনকারী যে গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটিসহ উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক ধ্বংস হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

এই হামলায় বেসামরিক কারও হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “তারপরও সব খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভবিষ্যতে আরও সম্ভাব্য হুমকির ব্যাপারে সতর্ক রয়েছি।”

সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে গত বুধবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।

এরপর বৃহস্পতিবার মধ্যরাতেই পাকিস্তান সীমান্তবর্তী আফগান এলাকায় ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের লক্ষ্য ছিল আইএস-কের বিভিন্ন অবস্থান।

মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যে সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে শনিবার সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছিলেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হতে পারে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একেবারে শেষ পর্যায়ে আছে ওয়াশিংটন। তারা ২০ বছর আগে যাদের ক্ষমতা থেকে হটিয়েছিল সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিবিএস নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে নতুন করে কোনো যুদ্ধ শুরু করতে চান না। কেবল কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে কব্জায় পাওয়া এবং সেখানে হামলাকারী গ্রুপ আইএস-কে এর সক্ষমতা নষ্ট করে দিতে চান।

এ কাজটি করতে মার্কিন বাহিনীর কী কী দরকার তা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন কমান্ডারদের সঙ্গে কথা বলবেন বলে জানান সুলিভান।

তিনি বলেন, “হ্যাঁ, আমরা দূর থেকে এই ধরনের হামলা চালিয়ে যাব। যেরকম হামলা আমরা সপ্তাহ শেষে আইএস-কে আস্তানা এবং হামলার চক্রান্তকারীদের ওপর চালিয়েছিলাম।”

“আর তাদেরকে বাগে পাওয়ার জন্য এবং রণক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য অন্য আরও অভিযান চালানোর কথাও আমরা ভাববো।”

Share if you like

Filter By Topic