আফগানিস্তানে বিয়ের আসরে ‘তালেবান’ হামলা, নিহত ২


FE Team | Published: October 31, 2021 17:26:40 | Updated: October 31, 2021 18:49:19


আফগানিস্তানে বিয়ের আসরে ‘তালেবান’ হামলা, নিহত ২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিয়ের আসরে গান বাজানোয় নিজেদের তালেবান পরিচয় দেওয়া সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়েছে। এতে অন্তত দুই জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

একজন তালেবান মুখপাত্র জানিয়েছেন, ওই তিন বন্দুকধারীর মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা তালেবানের পক্ষ হয়ে কাজ করেনি বলে দাবি করেছেন তিনি।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে দেশটিতে গান-বাজনা নিষিদ্ধ ছিল। কিন্তু নতুন তালেবান কর্তৃপক্ষ এখনও এ ধরনের কোনো ডিক্রি জারি করেনি।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, শুক্রবার নানগারহার প্রদেশের সুরখ রড জেলায় যৌথ এক অনুষ্ঠানে চার যুগলের বিয়ে হচ্ছিল, তারা স্থানীয় এক তালেবান নেতার কাছ থেকে শুধু নারীরা থাকবে এমন একটি জায়গায় রেকর্ড করা গান বাজানোর অনুমতি নিয়েছিল।

কিন্তু রাতে ওই বন্দুকধারীরা জোর করে ভেতরে প্রবেশ করে লাউডস্পিকারগুলো ভেঙে ফেলার চেষ্টা করে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিবাদ করলে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনাটি তদন্তনাধীন আছে।

নানগারহার প্রদেশে তালেবান বিরোধী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটেরও (আইএস) উপস্থিতি আছে। অতীতে একই ধরনের ঘটনার জন্য আইএসকে দায় দেওয়া হয়েছিল।

Share if you like