আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবানবিরোধী বিক্ষোভে অন্তত তিনজনের মৃত্যৃর খবর পাওয়া গেছে।
দুই জন প্রত্যক্ষদর্শী ও একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বুধবার জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান যোদ্ধারা তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। সেখানে তিন জনের মৃত্যু হয়।
অবশ্য এ বিষয়ে রয়টার্স বক্তব্য জানার জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এদিকে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বিমানবন্দর যেতে বাধা দিচ্ছে। যাদের কাছে বিদেশ যাওয়ার প্রয়োজনীয় নথিপত্র আছে তাদেরও বাধা দেওয়া হচ্ছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তালেবানের বাধা পেরিয়ে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করা এক ব্যক্তি বলেন, পুরো বিপর্যয়কর পরিস্থিতি। তালেবান ফাঁকা গুলি ছুড়ে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে৪৭ রাইফেল দিয়ে মারধর করে বাধা দেওয়ার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েনডি শেরম্যান ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, আমরা আশা করছি তালেবান আমেরিকার নাগরিক, তৃতীয় যেকোন দেশের নাগরিক এবং সব আফগান যারা স্বেচ্ছায় দেশ ছাড়তে চাচ্ছে তাদের নিরাপদে এবং কোনো হয়রানি ছাড়াই কাজটি করতে দেবে।
তবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সেখানে আটকে পড়াদের কাবুল বিমানবন্দরে আনতে কোনো সহায়তা করতে পারছে না, কারণ বিমানবন্দরের নিরাপত্তাও দেখতে হচ্ছে তাদের।
ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি, স্বীকার করেছেন নাগরিকদের সরিয়ে আনার লক্ষ্য পূরণ হয়নি।