Loading...
The Financial Express

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পন্ন

| Updated: August 31, 2021 19:50:33


মার্কিন সেনাবাহিনীর ১৮ এয়ারবোর্ন কোরের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডনাহিউ যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য হিসেবে আফগানিস্তানের মাটি ছাড়েন। ছবি: রয়টার্স মার্কিন সেনাবাহিনীর ১৮ এয়ারবোর্ন কোরের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডনাহিউ যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য হিসেবে আফগানিস্তানের মাটি ছাড়েন। ছবি: রয়টার্স

আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধের শেষ পর্যায়ে তালেবান ফের আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ায় তাড়াহুড়া করে ও অপমানজনকভাবে দেশটি থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয় ওয়াশিংটন ও এর নেটো মিত্ররা।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক কিন্তু বিশৃঙ্খলভাবে আকাশপথে মার্কিন নাগরিক, অন্যান্য দেশগুলোর নাগরিক ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার কারণে ঝুঁকিতে থাকা বহু আফগানদের সরিয়ে নেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পন্ন করে ওয়াশিংটন ও নেটো মিত্ররা।

তবে এরপরও পশ্চিমা দেশগুলোকে সহায়তা করা ও সরিয়ে নেওয়ার যোগ্য প্রায় লাখো আফগান পেছনে পড়ে থাকে বলে রয়টার্স জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ১৮ এয়ারবোর্ন কোরের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডনাহিউ যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য হিসেবে আফগানিস্তানের মাটি ছাড়েন।

পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি জানান, কাবুলের স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ছেড়ে আসা শেষ সি-১৭ ফ্লাইটে ছিলেন আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রস উয়িলসন।

“যুক্তরাষ্ট্রের বাহিনীতে থাকা প্রতিটি সদস্য এখন আফগানিস্তানের বাইরে। শতাভাগ নিশ্চিত করে এটি বলতে পারি আমি,” বলেন তিনি।    

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ শেষ করে আফগানিস্তানের মাটি থেকে দেশটির শেষ সৈন্য চলে যাওয়ার পর গুলি ফুটিয়ে উল্লাস করে তালেবান।

তালেবান মুখপাত্র ক্কারি ইউসুফ বলেন, “যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য কাবুল বিমানবন্দর ছেড়েছে আর আমাদের দেশ সম্পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।”

Share if you like

Filter By Topic