আফগান শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ৩৩, আহত ৯০


FE Team | Published: October 15, 2021 18:42:18 | Updated: October 16, 2021 14:52:28


আফগান শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ৩৩, আহত ৯০

আফগানিস্তানের কান্দাহারে একটি শিয়া মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৩ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। মসজিদটি ইমাম বারগাহ মসজিদ নামেও পরিচিত।

রয়টার্স ও বিবিসির বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা।

আফগানিস্তানে কুন্দুজের একটি শিয়া মসজিদে একই ধরনের একটি বোমা বিস্ফোরণের এক সপ্তাহের মাথায় কান্দাহারে এ ঘটনা ঘটল। ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

মসজিদের ভেতরকার ছবিতে জানালার ভাঙা কাঁচ এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা গেছে। মেঝেতে শুয়ে কাতরাতে থাকা আহতদের সাহায্যে অনেকেই এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা মসজিদের প্রধান ফটকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। বিস্ফোরণের সময় মসজিদ লোকে লোকারণ্য ছিল। ঘটনাস্থলে অন্তত ১৫ টি এম্বুলেন্স দেখা গেছে। আহতদেরকে স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে।

কান্দাহারের এক স্থানীয় সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রত্যক্ষদর্শীরা তিন আত্মঘাতী হামলাকারীর হামলা চালানোর বর্ণনা দিয়েছে। তারা জানায়, এক হামলাকারী মসজিদের প্রবেশপথে নিজেকে উড়িয়ে দেয় এবং অন্য আরও দুইজন মসজিদের ভেতরে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ হতাহত হয়। পরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল।

এবার কান্দাহারের মসজিদে বিস্ফোরণের জন্যও তালেবানের ঘোর বিরোধী ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস খেরাসানকেই (আইএস-কে) সন্দেহ করা হচ্ছে।

আইএস-কে গোষ্ঠীর সুন্নি যোদ্ধারা অতীতে বারবারই শিয়া সংখ্যালঘুদের নিশানা করে হামলা চালিয়েছে। আত্মঘাতী হামলা চালিয়েছে মসজিদে, স্পোর্টস ক্লাবে ও স্কুলেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা তালেবানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে।

Share if you like