উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চিঠিতে মমতা লেখেন, “শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।”
সম্প্রতি রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম মমতাকে উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় ৬৫ মন আম পাঠিয়েছিলেন তিনি। শুধু মমতাকেই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও হাড়িভাঙা আম উপহার দিয়েছিলেন হাসিনা।
