Loading...

আইপিএল নিলামে তুমুল উত্তেজনার মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন সঞ্চালক

| Updated: February 13, 2022 11:37:32


আইপিএল নিলামে তুমুল উত্তেজনার মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন সঞ্চালক

ভানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ঝড় উঠল আইপিএল নিলামে। শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডারকে দলে নিতে দারুণ লড়াই চলছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তুমুল উত্তেজনার মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন নিলামের সঞ্চালক হিউ এডমিডস!

ব্যাঙ্গালোরে চলমান আইপিএলের মেগা নিলামের প্রথম দিন শনিবার ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আচমকা সঞ্চালকের এভাবে পড়ে যাওয়ায় চারদিকে উদ্বেগ ও ভীতির সঞ্চার হয়। স্থগিত হয়ে যায় নিলামের কার্যক্রম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কিছুক্ষণ পর বিসিসিআইয়ের এক মুখপাত্র ক্রিকইনফোকে জানান, এখন স্থিতিশীল অবস্থায় আছেন সঞ্চালক। চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। পুনরায় নিলাম শুরু হয় বাংলাদেশ সময় চারটায়। তবে দিনের বাকি সময়ে সঞ্চালকের দায়িত্বে থাকবেন না এডমিডস। তার জায়গায় থাকবেন চারু শর্মা।

২০১৮ সাল থেকে আইপিএলে নিলাম পরিচালনার কাজ করছেন এডমিডস। ধারনা করা হচ্ছে, নিম্ন রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

এক কোটি রুপি ভিত্তিমূল্যের হাসারাঙ্গার নিলাম শেষ হতে পারেনি। পাঞ্জাবের সঙ্গে দ্বৈরথে তাকে দলে নিতে এগিয়ে ছিল ব্যাঙ্গালোর। তারা বিড করে রাখে ১০ কোটি ৭৫ লাখ রুপির। পরে নিলাম শুরু হলে ওই মূল্যেই হাসারাঙ্গাকে পেয়ে যায় ব্যাঙ্গালোর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এবারের নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

হাসারাঙ্গার সঙ্গে তৃতীয় সেটের নিলামে ছিলেন সাকিব আল হাসান। লঙ্কান ক্রিকেটারের আগে বাংলাদেশের অলরাউন্ডারের নাম উঠেছিল নিলামে। কিন্তু ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই এখনও পর্যন্ত অবিক্রিত আছেন চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে বিশ্ব রেকর্ড গড়া সাকিব।

এবারের নিলামে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পঞ্চম সেটে সঞ্চালকের হাতুড়ির নিচে নাম আসবে মুস্তাফিজের।

 

Share if you like

Filter By Topic