অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা সঙ্কটে যারা দ্বিতীয় ডোজ দিতে না পেরে উৎকণ্ঠিত, তাদের অপেক্ষার অবসান ঘটছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার থেকে ঢাকায় এবং ৭ আগস্ট থেকে সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান ফের শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর এই সিদ্ধান্ত হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক বলেন, আমরা আশা করি, আগামীকাল থেকে ঢাকার সব জেলা ও শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা যাদের বাদ পড়েছিল, তাদের দিতে পারব। আগামী ৭ আগস্ট থেকে আমরা সারাদেশে পূর্বের কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ দিতে পারব।
যারা প্রথম ডোজের ভ্যাকসিন যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, সেই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন. বলেন তিনি।
ডা. শামসুল হক জানান, যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পেলেও নিতে পারেননি, তাদের নতুন এসএমএস লাগবে না। আগের এসএমএস দেখালেই হবে।