অবৈধ সম্পদের মামলায় বাবরের রায় ১২ অক্টোবর
এফই ডেস্ক |
Published:
October 04, 2021 13:10:01
| Updated:
October 04, 2021 18:25:07
অবৈধ সম্পদের মামলায় সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাজা হবে কি না, তা জানা যাবে ১২ অক্টোবর।
ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো শহিদুল ইসলাম সেদিন এ মামলার রায় ঘোষণা করবেন।
সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এ মামলার রায়ের এই দিন ঠিক করে দেন।
সাবেক বিএনপি নেতা বাবরকে যুক্তিতর্ক শুনানির জন্য এদিন কারাগারে থাকা আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন বাবর। তবে তার পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে যৌথবাহিনীর হাতে আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলাটি দায়ের করে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম এ মামঅর বাদী। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
সেখানে বলা হয়, বাবর দুদকে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক দুটি এফডিআরে ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকার তথ্য তিনি গোপন করেছেন।
২০০৮ সালের ১২ অগাস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলার বিচার দীর্ঘদিন আটকে থাকে।
বিচারিক আদালত পরিবর্তনের জন্য বাবরের করা আবেদন খারিজ করে হাই কোর্ট গতবছর ৩০ দিনের মধ্যে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দিলে আবার শুনানির পথ খোলে।
২০০৪ সালের গ্রেনেড হামলা এবং একই বছর ধরা পড়ে ১০ট্রাক অস্ত্র মামলার রায়ে সাবেক এই বিএনপি নেতার মৃত্যুদণ্ডের রায় এসেছে আদালতে।