Loading...

অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাবরের আট বছরের সাজা

| Updated: October 12, 2021 17:54:08


ফাইল ছবি ফাইল ছবি

অবৈধ সম্পদের মামলায় সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুটি ধারায় মোট আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি ধারায় বাবরকে পাঁচ ও তিন বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে। জরিমানার টাকা না দিলে আরও তিন মাস সাজা খাটার কথা বলা হয়েছে।

বিচারক বলেছেন, বাবরের হাজতবাসকালীন সময় তার সাজা থেকে বাদ যাবে।

২০০৭ সালের ২৬ জুলাই থেকে এ মামলায় কারাগারে থাকা বাবর অনেক আগেই সাজার ওই সময় পার করে ফেলেছেন। দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও ঝুলছে তার মাথার ওপর।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবর বলেন, “সাজার মেয়াদ পার হয়ে গেলেও যেহেতু এই রায়ে অপরধী বলে সাব্যস্ত হলাম, আমি অবশ্যই আপিল করব।”

Share if you like

Filter By Topic