Loading...

অক্টোবরেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আশা করছেন দীপু মনি

| Updated: October 04, 2021 21:01:00


অক্টোবরেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আশা করছেন দীপু মনি

চলতি মাসের মধ্যে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছন শিক্ষামন্ত্রী দীপু মনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষামন্ত্রী এই আশা প্রকাশ করেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সভায় আলোচনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সিনারিওটা কী। ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে।

“এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যে সবগুলো খুলে দেওয়া হবে।”

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গতবছরের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আর শিক্ষার্থদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলারও অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং সে হলগুলো খুলে রেনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহারোপযোগী আছে, সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে দেরির।”

স্কুল-কলেজ ইতোমেধ্যে খুলে দেওয়া হয়েছে এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। এ বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “শিক্ষামন্ত্রী এনশিওর করেছেন যে পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে। যদি পরিস্থিতির মারাত্মক কোনো অবনতি না হয়, এখনকার পরিস্থিতি যদি অব্যাহত বা স্থিতিশীল থাকে, ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ডিক্লেয়ার করা হয়েছে সেটা নিয়ে নেওয়া হবে।

“প্রধানমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমরা তো ১৮ বছর পর্যন্ত বলছি। এখন ১৮ বছরের নিচের  শিশুদের দেওয়া যায় কিনা, সেটা এক্সপ্লোর করার জন্য টেকনিক্যাল দিকটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে।”

Share if you like

Filter By Topic