'অতিপ্রবল' হয়ে ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, আঁচ পড়বে বাংলাদেশেও


FE Team | Published: May 25, 2021 20:03:16 | Updated: May 26, 2021 11:48:43


ঘূর্ণিঝড় ইয়াস-এর অবস্থানের সবশেষ স্যাটেলাইট চিত্র

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'ইয়াস' এখন 'অতি প্রবল ঘূর্ণিঝড়ে' পরিণত হয়ে উডিষ্যার দিকে এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বুধবার দুপুর নাগাদ 'ইয়াস' উড়িষ্যা রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি 'প্রবল ঘূর্ণিঝড়ে' পরিণত হয়। আর সন্ধ্যা নাগাদ সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬৪ কিলোমিটার।

আগে মনে করা হচ্ছিল যে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে, কিন্তু এখন নির্দিষ্টভাবে জানা যাচ্ছে যে উড়িষ্যার বালেশ্বর শহর থেকে ধামরা বন্দরের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়বে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর বলছে ওই রাজ্যের ভদ্রক জেলার চাঁদবালিতেই সবথেকে বেশি ক্ষতি করবে এই ঘূর্ণিঝড়।

তটে আছড়ে পড়ার সময়ে ওই অঞ্চলে হাওয়ার গতিবেগ ১৮০ কিলোমিটার প্রতিঘণ্টা পৌঁছবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর তাদের রাতের আবহাওয়া অধিদপ্তর বুলেটিনে জানিয়েছে।

বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোয় ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পূর্ণিমার কারণে উপকূলের নিম্নাঞ্চলগুলো স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফিট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

তবে আবহাওয়াবিদ আরিফ হোসেন বিবিসি বাংলাকে বলছেন, এই ঝড়টি আর ''সুপার সাইক্লোনে'' পরিণত হবে না বলেই তারা ধারণা করছেন।

ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার বিকাল থেকে বাংলাদেশে সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বাংলাদেশে বৃষ্টিপাত আর উঁচু জোয়ারের আশঙ্কা

ঘূর্ণিঝড়টি ভারতের উডিষ্যার দিকে যাবে বলে ধারণা করা হলেও তার বহির্ভাগের কিছু প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোয় পড়বে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ''ঘূর্ণিঝড়টি ছয় থেকে সাতশ কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে। ঝড়ের গতিপ্রকৃতি অনুযায়ী, বুধবার দুপুরে সেটি উডিষ্যা উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।''

তবে সেই সময়েও খুলনা ও আশেপাশের এলাকায় আউটার সাইডের প্রভাব থেকে যাবে বলে তিনি জানান।

এ সময় সেইসব এলাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।

''সেই সঙ্গে পূর্ণিমা থাকায় উপকূলীয় অঞ্চলগুলোয় জোয়ারের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ঝড়ের কারণে সারাদেশে বৃষ্টিপাত হবে,'' বলছেন মি. হোসেন।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনি, চাঁদপুর ও চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোয় স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফিট বেশি উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর পূর্বে ঠিক করা তালিকা অনুযায়ী এটির নাম হয় 'ইয়াস'।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছিল ওমান। এর অর্থ 'হতাশা'।

Share if you like