Loading...

'অপ্রয়োজনে' বাইরে বের হওয়ায় বুধবার রাজধানীতে গ্রেপ্তার ১,১০২ জন

| Updated: July 08, 2021 14:56:55


করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর রোকেয়া সরণীতে প্রচুর রিকশার চলাচল লক্ষ্য করা গেছে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর রোকেয়া সরণীতে প্রচুর রিকশার চলাচল লক্ষ্য করা গেছে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা কঠোর লকডাউনের সপ্তম দিনে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় আড়াইগুন বেশি।

গ্রেপ্তারের পাশাপাশি ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে এদিন।

এছাড়া ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করার কথা জানানো হয়েছে পুলিশের বার্তায়।

মঙ্গলবার সারা দিনে ঢাকায় ৪৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর ৩০৫ জনকে প্রায় সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

লকডাউনে 'অপ্রয়োজনে' ঘরের বাইরে বের হওয়া এবং বিধিনিষেধ ভাঙার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। আর গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় হাকিমের সামনে হাজির করা হচ্ছে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লকডাউনের নিষেধ ভেঙে বের হওয়ায় ২৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৩ জনকে মোট ১ লাখ ২৬০ টাকা জরিমানা করা হয়েছে বুধবার, যা আগের দিনের তুলনায় অর্ধেক।

মঙ্গলবার ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০টাকা জরিমানা করেছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিয়ম ভাঙায় শাস্তি দেওয়ার পাশাপাশি বুধবার আড়াই হাজার মাস্ক বিতরণ করার কথাও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তার আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে।

Share if you like

Filter By Topic