‘৫ দিন আটকে রেখে ধর্ষণের শিকার’ কিশোরীকে উদ্ধার


এফই অনলাইন ডেস্ক | Published: February 17, 2022 09:39:35 | Updated: February 17, 2022 12:33:23


প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তার অভিযোগ, তাকে পাঁচ দিন একটি স্থানে আটকে রেখে ধর্ষণের পর ফেলে রাখা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক তরুণী ক্যাম্পাসের টিএসসি এলাকায় বুধবার সন্ধ্যায় ওই কিশোরীকে পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

১৪ বছর বয়সী ওই কিশোরী পুরান ঢাকার লালবাগের বাসিন্দা বলে সে পুলিশকে জানিয়েছে। তার বিষয়ে বিস্তারিত কিছু এখনও পুলিশ জানতে পারেনি।

খবর পেয়ে ঘটনাটির অনুসন্ধানে নামা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল বলে সে জানিয়েছে।

সে বলেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর লালবাগ থেকে তাকে অপহরন করা হয়।

কিশোরীর বক্তব্য উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা বলেন, আল আমিন ও শুভ নামে দুইজন চেতননাশক কিছু খাইয়ে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে প্রায় পাঁচ দিন ধরে পাশবিক নির্যাতন চালায়। আজ সন্ধ্যার পর ফেলে রেখে চলে যায়।

যে তরুণী ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেছেন, তিনিও মেয়েটির পরিচয় জানেন না।

পুলিশ কর্মকর্তা মাহফুজ বলেন, কিশোরীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি স্পর্শকাতর। ঘটনা জানার চেষ্টা চলছে। পুরো বিষয়টি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।

Share if you like