‘শরণার্থীদের দেখতে’ পোল্যান্ড-ইউক্রেইন সীমান্তে যাচ্ছেন বাইডেন 


এফই অনলাইন ডেস্ক   | Published: March 25, 2022 19:19:30 | Updated: March 26, 2022 16:49:12


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি সিএনএন থেকে নেওয়া 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড-ইউক্রেইন সীমান্তের কাছে একটি শহরে গিয়ে ইউক্রেইনীয় শরণার্থীদের সঙ্গে দেখা করবেন বলে অনুমান করা হচ্ছে।

ইউরোপ সফরের শেষ পর্যায়ে শুক্রবার বাইডেনের বিমান এয়ারফোর্স ওয়ান ইউক্রেইন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরের জেসোভ শহরে নামবে বলে জানিয়েছে বিবিসি।

পোল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ৮২ এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি ইউক্রেইনের ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং শুনবেন।

ইউক্রেইনে চার সপ্তাহের বেশি সময় ধরে চলা রাশিয়ার হামলার কারণে দেশছাড়া ২০ লাখেরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড; এর মধ্যে কেবল রাজধানী ওয়ারশই আশ্রয় দিয়েছে প্রায় তিন লাখ ইউক্রেইনীয়কে।

বিবিসি জানিয়েছে, পোল্যান্ড সফরে গিয়ে বাইডেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে বসবেন এবং বিপুল সংখ্যক ইউক্রেইনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানাবেন।

রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেইনের নাগরিকদের সহায়তায় আরও কিছু করতে পশ্চিমা দেশগুলোর ওপর বাড়তি চাপের মধ্যে বাইডেন এবার ইউরোপ সফর করছেন।

Share if you like