Loading...
The Financial Express

‘পিটার দ্য গ্রেটের’ সঙ্গে নিজের তুলনা, রুশ সাম্রাজ্য ফিরে পেতে চান পুতিন

| Updated: June 11, 2022 15:14:38


ছবি: রয়টার্স। ছবি: রয়টার্স।

ইউক্রেইনে চলমান যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করতে নিজেকে রাশিয়ার পরাক্রমশালী সম্রাট ‘পিটার দ্য গ্রেট’ এর সঙ্গে তুলনা করেছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, তিনি রাশিয়ার ‘আদি ভূখন্ডই’ ফিরিয়ে আনছেন, যেমনটি ১৮ শতকের শুরুর দিকে করেছিলেন পিটার দ্য গ্রেট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার রুশ সাম্রাজ্যের জার পিটার দ্য গ্রেটের ৩৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীতে পুতিন এই সম্রাটকে শ্রদ্ধা জানিয়ে নিজেকে তার সঙ্গে তুলনা করেন। পিটারের গুণগান করতে গিয়ে পুতিন বলেন, তিনিও পিটারের মতোই দেশের ভূখন্ড পুনরুদ্ধারের কাজে নেমেছেন।

পিটার দ্য গ্রেট এক সময় বিস্তীর্ণ অঞ্চল নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ১৮ শতকে সুইডেনের বিপক্ষে ইতিহাসখ্যাত যুদ্ধ ‘দ্য গ্রেট নর্দান ওয়ার’ জিতে বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন পিটার।

তার স্মরণে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানের পর দেওয়া বক্তব্যে পুতিন সেই যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “পিটার দ্য গ্রেট প্রায় ২১ বছর ধরে ‘দ্য গ্রেট নর্দান ওয়ার’ এর নেতৃত্ব দিয়েছিলেন। কেউ কেউ ভাবতে পারেন তিনি সুইডেনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন এবং তাদের (সুইডেনের) কাছ থেকে কিছু ছিনিয়ে নেন। কিন্তু আসলে তিনি কিছু নেননি, বরং কিছু ফিরিয়ে এনেছিলে (যা রাশিয়ারই ছিল)।”

ইউক্রেইন যুদ্ধের ১০৬তম দিনে পুতিন এই অভিযানের সঙ্গে পিটার দ্য গ্রেটের অভিযানের তুলনা করে বলেন, “আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আমাদের ওপর ফিরিয়ে আনার (যেটি রাশিয়ার ছিল) এবং শক্তিশালী করার (দেশকে) দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা যদি এই বাস্তবতা ধরে সামনে আগাই যে, এই মৌলিক মূল্যবোধ আমাদের অস্তিত্বের ভিত তৈরি করে, তাহলে আমরা যে কাজে নেমেছি সেটি নিশ্চিতভাবেই সমাধা করতে সফল হব।”

পুতিন একথাও উল্লেখ করেছেন যে, “যখন পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ স্থাপন করেছিলেন, তখন ইউরোপের কোনও দেশই এ অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেয়নি। সবাই সেটিকে সুইডেনের এলাকা বলেই বিবেচনা করত। অথচ আদিকাল থেকেই ওই অঞ্চলে ফিনো-ইউগ্রিক জনগোষ্ঠীর পাশাপাশি স্লাভদের বাস। উপরন্তু ওই ভূখন্ড রাশিয়া রাষ্ট্রের অধীনেই ছিল।”

ইউক্রেইনে রাশিয়ার চলমান যুদ্ধের ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, “সব দিক থেকেই আমাদের দায়িত্ব হচ্ছে, (আমাদের যা আছে, তা) ফিরিয়ে নেওয়া এবং শক্তিশালী করা। এখন মনে হচ্ছে, রাশিয়ার ভূখন্ড ফিরিয়ে আনার পালা আমাদের”, হাসিমুখে বলেন তিনি।

রাশিয়ার রাজধানী মস্কোয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠককালে পুতিনের এইসব বক্তব্য রোসিয়া ২৪ টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়।

Share if you like

Filter By Topic