Loading...
The Financial Express

‘আমি বেঁচে থাকলে আরো ঋণ বেড়ে যাবে’, আত্মহত্যার আগে ফ্রিল্যান্সারের ফেইসবুক স্ট্যাটাসে

| Updated: June 02, 2021 15:17:48


প্রতীকী ছবি প্রতীকী ছবি

‘কর্মহীন হয়ে অর্থকষ্টে থাকা’ রাজশাহীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক ফ্রিল্যান্সার আত্মহত্যা করেছেন বলে তার এক ফেইসবুক স্ট্যাটাসে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে নগরীর হোসেনীগঞ্জের ভাড়া বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

৪০ বছর বয়সী এই ব্যক্তি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ একটি ভাড়া বাসায় থাকতেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, রোববার রাতের কোনো এক সময় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সারা রাত জেগে সকালে ঘুমাতেন এবং দেরি করে উঠতেন। তাই বাড়ির লোকজনের বিষয়টি জানতে দেরি হয়েছে। বাসার লোকজন বেলা ১১টার দিকে জানতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওই যুবক অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে মারা যাওয়ার আগে নিজের ফেইসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বলে ওসি জানান।

ওসি বলেন, রোববার রাত ১১টা ১৩ মিনিটে তার ফেইসবুক এক্যাউন্টে তিনি লিখেছেন- তিনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা করেছেন। কিন্তু দীর্ঘ সময় অসুস্থতার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। আবার কিছুটা সুস্থ হলে আবার কাজ শুরু করেন। কিন্তু তিন মাস যেতে না যেতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এইজন্য তাকে কাজ বন্ধ রাখতে হয়।

এদিকে আয় বন্ধ হয়ে যাওয়ায় ঋণগ্রস্ত থাকায় তার পরিবারে অভাব-অনটন দেখা দেয়, খাবারের অভাব দেখা দেয় বলে দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন।

তিনি লেখেন, “প্রিয় দেশবাসী গত ৩ মাস থেকে আমার ঘরে খাবার এর কষ্ট আমার বউ অনেক কষ্টে খাবার যোগাড় করতেছে। আমার মৃত্যুর পর আমার বউ ছেলে মেয়ের পাশে থাকবেন--।

 “-- আমি বেঁচে থাকলে আরো ঋণ বেড়ে যাবে তাই চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। যদি সম্ভব হয় আমার স্ত্রী, ছেলে, মেয়ের থাকার একটা ব্যবস্থা করে দিবেন আপনারা।”

এছাড়া স্ট্যাটাসে তিনি আইটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ১৭ লাখ টাকা পাবেন জানিয়ে হতাশা প্রকাশ করেন।

Share if you like

Filter By Topic