৬ দিনের সফরে মালদ্বীপের পথে প্রধানমন্ত্রী
এফই অনলাইন ডেস্ক |
Published:
December 22, 2021 13:54:30
| Updated:
December 22, 2021 18:52:52
ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান।
মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৩টায় তাদের মালের বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
এগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময় বিষয়ে দুটি চুক্তি এবং স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক।
এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক বাহন উপহার দেবে।
২৩ ডিসেম্বর দিনের প্রথম ভাগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।
পরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে দুই নেতা যৌথ বিবৃতি দেবেন।
সেদিন বিকালে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ বাংলাদেশের সরকারপ্রধান।
পরদিন ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা।
সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ ও প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে ২৭ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।