করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস (৬৫)।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
শাহজাহানের ভাইপো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব শোভন জানান, শাহজাহান বিশ্বাস ১৫ দিন আগে করোনাভাইরাস আক্রান্ত হন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শোভন আরও বলেন, ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করে প্রবাসে চলে যান শাহজাহান। পাঁচ বছর পর তিনি নিজ গ্রামে চলে আসেন। বাড়ির উঠানে গড়ে তুলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তাঘাটের দুই পাশের পতিত জমিতে।
এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুর পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন চিরকুমার এই মানুষটি।
শোভন বলেন, রোপণ করা গাছের চারায় চাচা কোনো ভাগ রাখেননি। তার কোনো অর্থলোভ ছিল না। ৩৭ বছর ধরে কৌড়ি গ্রামে পরিকল্পিতভাবে প্রায় ৬০ হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস মারা গেছেন- এমনটি শুনেছি। তিনি সারাজীবনই প্রকৃতির জন্য কাজ করে গেছেন। এটা ভাল দৃষ্টান্ত। সমাজ তাকে দেখে শিখবে।