৪ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকা শুরু


এফই ডেস্ক | Published: September 19, 2021 20:42:37 | Updated: September 22, 2021 15:41:15


৪ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকা শুরু

বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক রাখতে সন্ধ্যা ৬টা থেকে চার ঘণ্টা সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে।

গত বুধবারই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী, রোববার সন্ধ্যায় ৬টায় বন্ধ করতে হয় ফিলিং স্টেশনগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকাসহ দেশের বড় অংশের গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, আমাদের আঞ্চলিক অফিসগুলোর কর্মকর্তারা সিএনজি ফিলিং স্টেশন তদারকিতে বেরিয়েছেন। স্টেশন মালিকদের সরকারি আদেশ মেনে চলবেন বলেই আমাদের বিশ্বাস। তাই প্রথম দিনে কোনো গোপন অভিযানকারী দল মাঠে নামান হয়নি।

সর্বশেষ সিদ্ধান্তের আলোকে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে বিদ্যুতের দৈনিক চাহিদার পিক আওয়ারে স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শুরুতে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হলেও সিএনজি ফিলিং স্টেশন মালিকদের আপত্তির কারণে তা দুই ঘণ্টা কমিয়ে আনা হয়।

পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে।

বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সঙ্কট তীব্র আকার ধারণ করছে।

Share if you like