২৪ ঘন্টায় সারাদেশে শনাক্ত ২৩৫ কোভিড রোগী, এর মধ্যে ঢাকা বিভাগেরই ১৮১ জন


FE Team | Published: November 10, 2021 18:19:48 | Updated: November 11, 2021 10:42:15


ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিতে এসে কেন্দ্রের বাইরে অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে গত এক দিনে আরও ২৩৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯০৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন সুস্থ হয়ে উঠলেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ১৮১ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৭ শতাশ।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। বাকি ছয়টি বিভাগে একদিনে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like