২৪ ঘণ্টায় শনাক্ত ২,৬৩৯ কোভিড-১৯ রোগী, মৃত্যু ৫৬ জনের


FE Team | Published: September 07, 2021 18:16:54 | Updated: September 08, 2021 11:55:17


ঢাকার শেরে বাংলানগরে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে মানুষের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

এর আগে সর্বশেষ ১৮ জুন ৫৬ জনের কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত এক দিনে মারা যাওয়া ৫৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৬ হাজার ৬৮৪ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৬৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭১০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ৬৫ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু- দুটোই কমেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৫৫৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

যে ৫৬ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ২০ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৫ হাজার ৫৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে সবচেয়ে বাজে সময়টা পার করে এসে ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like