২২ কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান গো যায়ান


এফই অনলাইন ডেস্ক | Published: September 30, 2021 17:23:07 | Updated: October 01, 2021 09:50:24


২২ কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান গো যায়ান

অনলাইনভিত্তিক ভ্রমণসেবা প্রদানকারী দেশীয় স্টার্টআপ গো যায়ান সম্প্রতি ২৬ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন বিনিয়োগ ব্যবহার করে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ও মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করা হবে এবং ভ্রমণসংক্রান্ত সব সুবিধা অনলাইনে আনা হবে।

গো যায়ান জানায়, এই নতুন বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি খাতে অন্যতম বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান `ওয়েভ মেকার পার্টনারস। এ প্রতিষ্ঠানে আরও বিনিয়োগ করেছে ১৯৮২ ভেঞ্চারস, ইটারেটিভ, সেঞ্চুরি ওক ক্যাপিটাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পর্যটন খাত খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই খাতের ৫ শতাংশেরও কম সেবা অনলাইনে পাওয়া যায়। এ পরিস্থিতিতে সব সুবিধা অনলাইনে এনে ভ্রমণকে আরো স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশ্যে কাজ করছে গো যায়ান ।

গো যায়ানের প্রতিষ্ঠাতা রিদওয়ান হাফিজ বলেন, দেশে তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে মানুষ ইন্টারনেট ব্যবহারে খুব দ্রুত অভ্যস্ত হয়ে উঠছে। প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের পর্যটন খাতকে আরও আধুনিক করা এবং বিশ্বে বাংলাদেশকে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেসটিনেশন হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গো যায়ানে বিনিয়োগ করেছে ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং ওএস ভেঞ্চার।

Share if you like