Loading...

১৯ অগাস্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র, চলবে সব গণপরিবহন

| Updated: August 12, 2021 17:16:43


মহামারীর মধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড় — ফোকাস বাংলা ফাইল ছবি মহামারীর মধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড় — ফোকাস বাংলা ফাইল ছবি

বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়ায় আগামী ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। সেদিন থেকে সব গণপরিবহনই সড়কে নামতে পারবে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, দেশের ‘আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে’ এসব ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ ১১ অগাস্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হয়েছিল।

সেদিন থেকেই সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিপণি বিতান ও দোকানপাট খোলা। আর শিল্প কারখানা খোলা রয়েছে গত ১ অগাস্ট থেকেই।

১১ অগাস্ট থেকে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হলেও প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছিল। এখন সেই শর্ত আর থাকছে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯ অগাস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সব ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র এতদিন বন্ধই ছিল। ১৯ অগাস্ট থেকে সেসব আবার খোলা যাবে। তবে শর্ত হল, আসন বা ধারণক্ষমতার অর্ধেক খালি রাখতে হবে।

পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করা এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, “যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share if you like

Filter By Topic