১২ দিন পরে করোনা শনাক্ত ১০হাজারের নিচে নামল


এফই অনলাইন ডেস্ক | Published: February 04, 2022 17:23:33 | Updated: February 05, 2022 10:29:56


১২ দিন পরে করোনা শনাক্ত ১০হাজারের নিচে নামল

ওমিক্রনের দাপটের মধ্যে দেশে এক দিনে আরও নয় হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে নয় হাজার ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এই সংখ্যা গত ২২ জানুয়ারি পর সর্বনিম্ন। ওইদিন নয় হাজার ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। এরপর ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়, যা করোনাভাইরাস মহামারীর দুই বছরে দ্বিতীয় সর্বোচ্চ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ছয় হাজার ২৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like