Loading...

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান, তার স্ত্রীসহ নিহত ১৩

| Updated: December 09, 2021 12:59:41


ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ফাইল ছবি (সংগৃহীত) ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রীকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তামিল নাড়ুর জঙ্গলে বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর এসেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বিমান বাহিনীর ওই এমআই সেভেনটিন ভি৫ হেলিকপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন। তবে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার ভাগ্যে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

হেলিকপ্টারটি তামিল নাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ার পরপরই তাতে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এনডিটিভি, টাইমস অব ইনডিয়াসহ কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, কপ্টারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। একজন পুরুষ বেঁচে গেলেও তার শরীর ঝলসে গেছে। তবে জেনারেল রাওয়াতের অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা তারা দিতে পারেনি।   

ভারতীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

মারাত্মকভাবে আহত একজন পুরুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন একজন ভারতীয় সাংবাদিক। তার দাবি, ভিডিওর ওই ব্যক্তি জেনারেল বিপিন রাওয়াত। তবে সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতবুধবার সকালে দিল্লি থেকে আকাশ পথে কোইমবাটোরের সুলুর সেনাঘাঁটিতে পৌঁছেছিলেন জেনারেল রাওয়াত। দুপুরে সেখান থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে তার হেলিকপ্টার কুনুরে দুর্ঘটনায় পড়ে।

তার সহকারী, সিকিউরিটি কমান্ডো এবং বিমানবাহিনীর সদস্যরাও ছিলেন ওই হেলিকপ্টারে। 

ভারতীয় বিমান বাহিনী পরে এক টুইটে নিশ্চিত করে, বিধ্বস্ত ওই এমআই সেভেনটিন হেলিকপ্টারে জেনারেল রাওয়াতও ছিলেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ওই টুইটে জানানো হয়।

টেলিভিশনে দেখানো ভিডিওতে পাহাড়ের ধারে ছড়ানো ছিটানো কপ্টারের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। গাঢ় ধোঁয়া আর উপড়ানো গাছের কারণে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা আনন্দবাজারকে বলেছেন, “প্রথমে একটা কানফাটানো আওয়াজ শুনতে পেলাম। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম, হেলিকপ্টারটি প্রচণ্ড গতিতে প্রথমে একটি গাছে ধাক্কা মারল। তারপরই দেখতে পেলাম একটা আগুনের গোলা। পরমুহূর্তেই সেটা সজোরে আরও একটি গাছে ধাক্কা মারল।

দেখলাম, দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারটি থেকে দুতিন জন বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু তাদের গোটা শরীরই পুড়ে গিয়েছে ততক্ষণে।’’

দুর্ঘটনার খবর পেয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে জেনারেল রাওয়তের বাসভবনে ছুটে যান। সেখানে তিনি প্রতিরক্ষা প্রধানের স্বজনদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার তার পার্লামেন্টে এ বিষয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে।  

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন; সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় সাধনের জন্যই পদটি বানানো হয়েছে।

নতুন সৃষ্ট সামরিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন এই চার তারকা জেনারেল।

 

Share if you like

Filter By Topic