সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে


এফই অনলাইন ডেস্ক | Published: July 06, 2022 12:50:28 | Updated: July 07, 2022 10:14:55


প্রতীকী ছবি

দিনাজপুর সদর উপজেলায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে; এ ছাড়া আহত হয়েছেন বাবা ও ছেলে।

বুধবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার এসআই কৃষ্ণ রায় জানান।

নিহতরা হলেন- বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়াহ মাদ্রসার শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ফাইমা বেগম (৩৫) এবং তাদের মেয়ে ফাহিমা আকতার (১৩)।

গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসাইন এবং তার ১৮ মাসের ছেলে নাসিরুল্লাহকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিক্ষক মোহাম্মদ হোসাইন ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

এসআই জানান, দুর্ঘটনার পর চালক লরি নিয়ে পালিয়ে গেছেন। লরিটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

অপরদিকে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানিয়েছেন, সকাল ৮টায় দিনাজপুর-বীরগঞ্জ সড়কের ১৬ মাইল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহিদুল রহমান নিহত হয়েছেন।

সাহিদুর পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইনিয়নের ভূমি কর্মকর্তা।

তিনি বীরগঞ্জ থেকে পার্বতীপুর যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। তার লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Share if you like