সড়ককে নিরাপদ করতে নয় দফা দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে শিক্ষার্থীরা


FE Team | Published: November 27, 2021 16:45:51 | Updated: November 28, 2021 17:22:56


নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে শনিবার প্ল্যাকার্ড হাতে ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে বিক্ষোভ করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সড়ককে নিরাপদ করতে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

শনিবার টানা তৃতীয় দিনের মত রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়ে তারা সড়ক ছেড়েছে রোববার আবার ফিরে আসার ঘোষণা দিয়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের ঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর আসাদগেইট ও ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া উত্তরা হাউজ বিল্ডিং এলাকাতেও বেলা ১১টার দিকে বিক্ষোভ দেখায় একদল শিক্ষার্থী। তাদের পরে বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ।

ধানমণ্ডি ২৭ নম্বর মোড়ে সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায় বেলা আড়াইটা পর্যন্ত। বিক্ষোভ শেষ করে তারা হ্যান্ডমাইকে তাদের নয় দফা দাবি পড়ে শোনায়।

আন্দোলনকারীদের একজন প্রতিনিধি পরে মাইকে বলেন, এই নয় দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন তারা। বিআরটিএ কর্তৃপক্ষ তাদের কাছে এক সপ্তাহ সময় চেয়েছিল।

কিন্তু শিক্ষার্থীরা মঙ্গলবার পর্যন্ত সময় দেবে জানিয়ে আন্দোলনকারীদের ওই প্রতিনিধি বলেন, এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে রাজধানীর সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তারা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে।

তার আগে রবি ও সোমবার বিক্ষোভ চলবে এবং সড়কে গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষা চলবে বলে ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনে যে নয় দফা দাবি ছিল, সরকার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি জানিয়ে শিক্ষার্থীদের ওই প্রতিনিধি বলেন, এবার দাবি আদায় না হলে মঙ্গলবার তারা নতুন কর্মসূচি দেবেন।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। বৃহস্পতিবার পথে পথে তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।

সেদিন দাবি পূরণের জন্য শনিবার পর্যন্ত সময় দিয়ে রাস্তা ছাড়ে আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ১ ডিসেম্বর থেকেই বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু হবে।

বেসরকারি বাসেও একই নিয়ম চালুর জন্য শনিবার বেলা ১১টার পর পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। তবে কোনো সিদ্ধান্তে তারা আসতে পারেননি।

Share if you like