Loading...

স্ত্রীকে ফেরাতে না পেরে নিজের জন্য কবর খুঁড়ছেন স্বামী

| Updated: July 24, 2022 18:03:56


স্ত্রীকে ফেরাতে না পেরে নিজের জন্য কবর খুঁড়ছেন স্বামী

স্ত্রীকে ফিরিয়ে আনতে না পেরে নিজের বসতঘরের ভেতরেই নিজের জন্য কবর খুঁড়ছেন বরগুনা সদর উপজেলার জাফর গাজী নামে এক ব্যক্তি। 

এ বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে বরগুনা থানার ওসি আলী আহম্মেদ জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জাফর সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, স্ত্রী হাজেরাকে নিয়ে জাফরের প্রায় এক যুগের সংসার। স্থানীয় কদমতলা বাজারে একটি চায়ের দোকান আছে জাফরের। নিঃসন্তান এই দম্পতির মধ্যে প্রায়ই কলহ হত। ইউনিয়ন পরিষদে এ নিয়ে সালিশও হয়েছে।

সম্প্রতি প্রায় এক মাস ধরে এই স্বামী ও স্ত্রী আলাদা থাকছেন।

স্থানীয় গ্রাম পুলিশ সাইফুল বলেন, “জাফর তার স্ত্রীকে বাড়ি ফেরাতে চেষ্টা করে ব্যর্থ হন। না ফেরাতে পেরে নিজ ঘরে কবর খোঁড়া শুরু করেন জাফর।”

জাফর ও হাজেরা পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন।

জাফর বলেন, “১৩ বছর আগে ঢাকায় হাজেরার সঙ্গে আমার বিয়ে হয়। তখন থেকেই হাজেরা অবাধ্য। পরে আমরা বরগুনায় এসে বসবাস শুরু করি। তবু স্ত্রীকে শুধরাতে পারিনি।

“কলহ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সালিশ করলেও হাজেরা কোনো কিছু মানছেন না। সর্বশেষ ২২ জুন আমার সঙ্গে রাগ করে হাজেরা কদমতলা বাজারে থাকা আমাদের চায়ের দোকানে বসবাস শুরু করেন। সেখান থেকে তাকে ঘরে ফেরাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হতাশায় নিজের কবর নিজেই খোঁড়া শুরু করেছি।”

অপরদিকে হাজেরা অভিযোগ, প্রথম থেকেই তার সঙ্গে প্রতারণা করেছেন জাফর।

“জাফর তার আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে আমাকে বিয়ে করেন। এসব নিয়ে কলহ শুরু হলে ঢাকা থেকে আমরা বরগুনা চলে আসি। তাছাড়া জাফর সংসারে অমনোযোগী। আর গত ২২ জুন আমাকে ঘর থেকে বের করে দেন জাফর। এরপর থেকে আমি দোকানে থাকা শুরু করি।”

তাদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে ওসি আলী আহম্মেদ জানিয়েছেন।

ওসি বলেন, পুলিশের যা করার আছে তা করবে পুলিশ।

Share if you like

Filter By Topic