সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার রাতে ঢাকার সূত্রাপুর ও গাজীপুর থেকে মো. নাজির হোসেন (৩২) ও মো. কামরুজ্জামান (৩৩) নামে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান।
তিনি বলেন, নাজির হোসেন ও কামরুজ্জামান দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার ও সৈনিক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল।
ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দুজন বন্ধু। নাজির একটি হাসপাতালের ওয়ার্ড বয়। সে কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।
গ্রেপ্তার কামরুজ্জামান নিজেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন জানিয়ে র্যাব কর্মকর্তা বীণা রানী বলেন, সে চাকরি প্রত্যাশীদের বোঝাত যে এর আগে অনেককে এভাবে চাকরি দিয়েছে। তারা চাকরি প্রত্যাশীদের সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ও আবেদনপত্র নিত।
এক একপর্যায়ে চাকরি প্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে তারা যোগাযোগ বন্ধ করে দিত জানিয়ে তিনি বলেন, এভাবে এই চক্রটি বিভিন্ন জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়।
তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা বীণা।