আমন মৌসুমে সেচের সুবিধা নিশ্চিতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বিদ্যুৎ সাশ্রয়ে নানা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্তটিও আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সভায় বিবিধ বিষয়ে ২/৩টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।একটা হল বিদ্যুৎ ব্যবস্থাপনাটাকে কীভাবে আরও এফেক্টিভ করা যার এর মধ্যেই।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিন যাতে গ্রাম এলাকাতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত আনইন্টারাপটেড পাওয়ার এনশিওর করা যায়, যাতে সেচের ।
যেহেতু ওই সময়টা পিকআওয়ার না। আগে তো পিক আওয়ার ছিল ১১টা পর্যন্ত, আর এখন প্রায় ১২টা-১টা পর্যন্ত। সেজন্য এটা সমন্বয় করে বলা হয়েছে, মধ্য রাত থেকে যেন আনইন্টারাপটেড ইরিগেশন এনশিওর করা যায়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) এক্ষেত্রে যতটুকু সম্ভব, নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে বলা হয়েছে।
কর্মঘণ্টা কমিয়ে বদলে গেল অফিস সূচি
এই প্রসঙ্গে সারা বিশ্বে পানি সঙ্কটের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা নিশ্চয়ই জানেন আর রিপোর্ট দেখে এসেছেন যে গত জুলাই মাসে যে বৃষ্টি হয়েছে, সেটা কিন্তু গত বছরের জুলাই মাসের তুলনায় ৫৭ শতাংশ কম। সারা পৃথিবীতেই কিন্তু খরা। পৃথিবীর বিভিন্ন দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে।
ইউক্রেইন যুদ্ধের পর জ্বালানি সঙ্কটে দেশে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনতে হয়েছে সরকারকে। বিদ্যুৎ সাশ্রয়ে দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধের পর সোমবারের মন্ত্রিসভায়ই অফিস সময় কমিয়ে আনার সিদ্ধান্ত হয়।
বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপে দেশে লোড শেডিং ফিরেছে, ফলে চলতি আমন মৌসুমে সেচ দিতে সঙ্কটে পড়েছে কৃষকরা।
গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেই বিষয়ে ব্যবস্থা নিতেও বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।