Loading...

সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

| Updated: September 13, 2021 16:42:36


সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে সিলেটের ওসমানীনগরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙ্গে ২৪ লাখ টাকার বেশি লুট করেছে একটি ডাকাত দল।

উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচ তলায় ইউসিবির এটিএম বুথে রোববার ভোর রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি জানান, ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির একটি শাখা রয়েছে। একই ভবনের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে ব্যাংকটির অটোমেটেড ট্রেলার মেশিন- এটিএম বুথ থেকে এ টাকা লুট করা হয়।

ভোর রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে এটিএম ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। ভোরে স্থানীয়রা গার্ডকে এই অবস্থায় দেখে থানায় খবর দেন বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় ইউসিবিএল ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল আমির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ওসি জানান, রোববার রাত পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাত দলের সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share if you like

Filter By Topic