মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানে হেরেছে বাংলাদেশ।
ফিফটির পরের বলেই বিনুরা ফার্নান্দোর স্লোয়ার শর্ট বলে র্যাম্প শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়লেন মাহমুদউল্লাহ। ৬৩ বলে ৫৩ রানে তার বিদায়েই ম্যাচের সমাপ্তি। ৯৭ রানের জয়ে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।
দুশমন্থ চামিরার দুর্দান্ত বোলিংয়ে লড়াই করতেও পারল না বাংলাদেশ। রান তাড়ার কোনো পর্যায়েই তারা জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি সেভাবে। থিতু হয়েছেন যারা, তারা খেলতে পারেননি বড় ইনিংস।
১৬ রানে ৫ উইকেট নিয়ে শেষ করলেন চামিরা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় সেরা বোলিং এটি। ২০০৩ বিশ্বকাপে চামিন্দা ভাসের ২৫ রানে ৬ উইকেট এখনও সেরা। সেই ভাস এখন চামিরাদের বোলিং কোচ।
এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে প্রথম পয়েন্টের স্বাদ পেল শ্রীলঙ্কা। ষষ্ঠ ম্যাচে এসে জয়ের মুখ দেখল তারা। মন্থর ওভাররেটের কারণে আগেই দুটি পয়েন্ট কম থাকায় এই জয়ের পরও তাদের পয়েন্ট এখন ৮।
শীর্ষে থাকা বাংলাদেশ হারাল অবস্থান সংহত করার সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয় রূপ পেল না হোয়াইটওয়াশ সাফল্যে।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৬/৬ (গুনাথিলাকা ৩৯, কুসল পেরেরা ১২০, নিসানকা ০, কুসল মেন্ডিস ২২, ধনাঞ্জয়া ৫৫*, ডিকভেলা ৭, হাসারাঙ্গা ৬, রমেশ ৮*; শরিফুল ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৪৮-০, মোসাদ্দেক ৩-০-৩২-০ তাসকিন ৯-০-৪৬-৪, মুস্তাফিজ ১০-০-৪৭-০, সাকিব ১০-০-৪৮-০)।
বাংলাদেশ : ৪২.৩ ওভারে ১৮৯ (তামিম ১৭, নাঈম ১, সাকিব ৪, মুশফিক ২৮, মোসাদ্দেক ৫১, মাহমুদউল্লাহ ৫৩, আফিফ ১৬, মিরাজ ০, তাসকিন ০, শরিফুল ৮, মুস্তাফিজ ০*; ধনাঞ্জয়া ৪-০-১৪-০, চামিরা ৯-১-১৬-৫, বিনুরা ৬.৩-০-৩৩-১, চামিকা ৬-০-৩৪-০, হাসারাঙ্গা ১০-০-৪৭-২, রমেশ ৭-০-৪০-২)।